Skip to main content

Ridge Bangla

খাল পুনঃখনন প্রকল্পের সাশ্রয় হওয়া ১ কোটি ২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

ভোলার চরফ্যাশনে খাল পুনখনন প্রকল্পে সাশ্রয় হওয়া ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ২৪৯ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ জানান, সরকারি অর্থের অপচয় রোধ এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতেই এ অর্থ ফেরত দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় চরফ্যাশনের সুবল ডাক্তার বাড়ি থেকে সুন্দরী ব্রিজ পর্যন্ত ৩ দশমিক ৭ কিলোমিটার খাল পুনখননের জন্য ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

প্রকল্পের কাজ নির্ধারিত গুণগত মান বজায় রেখে সম্পন্ন হলেও প্রাক্কলনের তুলনায় কম ব্যয়ে কাজ শেষ হয়। এতে মোট ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ২৪৯ টাকা সাশ্রয় হয়। পরে বিধি অনুযায়ী ওই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ বলেন, দীর্ঘদিন ভরাট হয়ে ঐতিহ্যবাহী খালটি প্রায় অকেজো হয়ে পড়েছিল। বর্তমান সরকারের উদ্যোগে খালটি পুনঃখনন করা হয়। তিনি জানান, খালের বিভিন্ন স্থানে প্রস্থ একরকম না থাকায় প্রাক্কলনের তুলনায় কম ব্যয়ে কাজ সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে সাশ্রয় হওয়া পুরো অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

This post was viewed: 13

আরো পড়ুন