দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এডিস মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। একই সময়ে নতুন করে ৪৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ডেঙ্গুতে ২ জন এবং খুলনা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।
এ সময়ে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৮৯ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, বরিশাল বিভাগে ৬৭ জন, খুলনা বিভাগে ৬২ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ২০ জন এবং সিলেট বিভাগে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ২৫ জন। এছাড়া খুলনা বিভাগে ৯ জন, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে ৬ জন করে মোট ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন এবং রাজশাহী ও রংপুর বিভাগে ১ জন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।
পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম ছয় মাসে ডেঙ্গুতে মোট ১৮ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন এবং জুনে ১৩ জন মারা যান। মার্চ ও এপ্রিল মাসে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
অন্যদিকে, চলতি জুলাই মাসের প্রথম ৩০ দিনেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৫ জন। অর্থাৎ, শুধু জুলাই মাসেই ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বছরের প্রথম ছয় মাসের মোট মৃত্যুর প্রায় দ্বিগুণ হয়েছে।