রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় চলন্ত বাসে ওঠার সময় পা পিছলে চাকার নিচে চাপা পড়ে শাহ খন্দকার সাজেদুল আলম (৫০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে রামপুরা ব্রিজের ঢালে বনশ্রীমুখী সড়কে পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ খন্দকার সাজেদুল আলম ঢাকার সূত্রাপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম শাহ খন্দকার নজরুল আলম এবং মায়ের নাম নূরুন নাহার আলম। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মিরপুর থেকে স্টাফ কোয়ার্টারের উদ্দেশে ছেড়ে আসা আলিফ এন্টারপ্রাইজের একটি বাসে ওঠার সময় সাজেদুল আলমের পা পিছলে যায়। এতে তিনি বাসের নিচে পড়ে গেলে সামনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই পুলিশ ঘাতক বাসটি জব্দ করে এবং চালক মো. সাব্বিরকে (২৭) আটক করে। আটক চালক ঝালকাঠি জেলার পালবাড়ি গ্রামের বাসিন্দা। তার বাবা মো. খোকন এবং মা মোসা. রোজি।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে রামপুরা থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।