অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের আইন কর্মকর্তাদের ধারাবাহিক পদত্যাগের প্রেক্ষাপটে এসব নিয়োগ দেওয়া হলো।
এর আগে ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
পরবর্তীতে ১৩ আগস্ট মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, মোহাম্মদ আরশাদুর রউফ এবং মোহাম্মদ অনীক রুশদ হককে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এরপর ২৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ২৩ জুন জামায়াতপন্থি হিসেবে পরিচিত ১৮ জন আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে পদত্যাগ করেন। তাদের মধ্যে ছিলেন ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল।
পদত্যাগের সময় তারা জানান, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের বিরোধিতা এবং সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ বাতিলের দাবিতে তারা একযোগে পদত্যাগ করেছেন।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নতুন নিয়োগের আগে সেখানে ৯৩ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ২১৩ জন সহকারী অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করছিলেন।