Skip to main content

Ridge Bangla

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে সমঝোতা স্মারক সই

বাংলাদেশে জাপানি উদ্যোক্তাদের বিনিয়োগ সহজতর করতে জাপান ইনস্টিটিউট ফর ওভারসিজ ইনভেস্টমেন্ট এবং টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) টোকিওতে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের পক্ষে রাষ্ট্রদূত মো. দাউদ আলী এবং জাপান ইনস্টিটিউট ফর ওভারসিজ ইনভেস্টমেন্টের পক্ষে সংস্থাটির প্রেসিডেন্ট কেনইচিরো হায়াশি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বিনিয়োগ পরিবেশ, সরকারি প্রণোদনা ও নীতিসংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়মিত আদান-প্রদান করা হবে।

এছাড়া জাপানের শীর্ষ ব্যবসায়ী মহলের কাছে বাংলাদেশের সম্ভাবনাময় বিনিয়োগ খাতগুলো তুলে ধরতে জাপান ইনস্টিটিউট ফর ওভারসিজ ইনভেস্টমেন্ট তাদের নিজস্ব প্রচারমাধ্যম ও ওয়েবসাইটের মাধ্যমে প্রচারণা চালাবে।

চুক্তির অংশ হিসেবে দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে সেমিনার, ব্যবসায়িক সম্মেলন এবং গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে দক্ষ জনশক্তি, তথ্যপ্রযুক্তি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সেবাদানকারী কর্মী, নির্মাণশিল্প, ওষুধশিল্প এবং জাহাজ নির্মাণসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে জাপানি বিনিয়োগ আকর্ষণে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করবে এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি করবে।

This post was viewed: 6

আরো পড়ুন