Skip to main content

Ridge Bangla

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার, দাবি আনোয়ার ইব্রাহিমের

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত আরও ৫ হাজার রোহিঙ্গাকেও ফিরিয়ে নিতে রাজি হয়েছে দেশটি।

বুধবার (২৯ জুলাই) এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ তথ্য জানান আনোয়ার ইব্রাহিম। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু, স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধান এবং মালয়েশিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে এই সমঝোতা একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।

তিনি বলেন, “মানুষ বলে ওদের ফেরত পাঠাও, ফেরত পাঠাও। কিন্তু পাঠাব কোথায়? মিয়ানমার তো ওদের নিতে চায়নি। এ কারণেই মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রাখাটা জরুরি। এখন তারা প্রথমে ৫ হাজার জনকে নিতে সম্মত হয়েছে।”

এ ছাড়া তিনি জানান, মিয়ানমার বাংলাদেশে অবস্থানরত প্রায় ৩ লাখ রোহিঙ্গাকেও ফিরিয়ে নিতে রাজি হয়েছে। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়া কবে শুরু হবে বা কত সময়ের মধ্যে সম্পন্ন হবে, সে বিষয়ে তিনি কোনো সময়সীমা উল্লেখ করেননি।

সম্প্রতি পেনাং রাজ্যের একটি আবাসন ছেড়ে শতাধিক রোহিঙ্গা কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার কার্যালয়ের সামনে জড়ো হওয়ার কয়েক দিন পরই এ ঘোষণা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। পরে মালয়েশিয়ার কর্তৃপক্ষ ওই রোহিঙ্গাদের কুয়ালালামপুর, সেলানগোর ও পেনাংয়ের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করে।

আনোয়ার ইব্রাহিম বলেন, আঞ্চলিক এই শরণার্থী সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে মালয়েশিয়া।

মিয়ানমারের মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বৈষম্য, নির্যাতন ও নাগরিকত্বহীনতার শিকার। নিরাপত্তা ও জীবিকার সন্ধানে তারা প্রায়ই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে অন্য দেশে পালানোর চেষ্টা করে।

২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংস অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে বাংলাদেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। এছাড়া অনেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পৌঁছেছেন।

This post was viewed: 7

আরো পড়ুন