Skip to main content

Ridge Bangla

মোদিকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ‘ইনফ্লুয়েন্সার’ হওয়ার পরামর্শ অভিজিৎ দিপকের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশের দায়িত্ব অন্য কাউকে দেওয়ার আহ্বান জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। একই সঙ্গে মোদিকে ‘ইনফ্লুয়েন্সার’ হয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

প্রশ্নফাঁস রোধে লোকসভায় পাস হওয়া নতুন আইন নিয়েও প্রশ্ন তুলেছেন অভিজিৎ। তার মতে, শুধু আইন প্রণয়ন করলেই সমস্যার সমাধান হবে না। সঠিকভাবে বাস্তবায়ন না হলে কোনো পরিবর্তন আসবে না।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বুধবার (২৯ জুলাই) নিজ রাজ্য মহারাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন অভিজিৎ দিপকে। এ সময় তরুণদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নরেন্দ্র মোদির প্রকাশিত সাম্প্রতিক ভিডিওগুলোর প্রসঙ্গও তোলেন তিনি।

দিপকে বলেন, ‘আমার মনে হয়, মোদির ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত। তিনি সেটা খুব ভালোই করছেন। যদি তিনি এত ভালো ইনফ্লুয়েন্সার হন, তাহলে আপনার (মোদির) প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দেয়া উচিত এবং ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত। আর দেশের দায়িত্ব অন্য কাউকে পালন করতে দিন।’

এর আগে গত মঙ্গলবার কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীও মোদির ইনস্টাগ্রাম ভিডিও নিয়ে মন্তব্য করেন। সংসদে তিনি বলেন, ‘নতুন নতুন অ্যাঙ্গেলে ভিডিও বানিয়ে জেন জির সমর্থন পাওয়া যাবে না। প্রধানমন্ত্রীর ক্যামেরার অ্যাঙ্গেল নয়, বদলাতে হবে তার মনের অ্যাঙ্গেল।’

লোকসভায় পাস হওয়া প্রশ্নফাঁসবিরোধী বিলের কার্যকারিতা নিয়েও সংশয় প্রকাশ করেন অভিজিৎ দিপকে।

তিনি বলেন, ‘শুধু আইন করলেই সমস্যার সমাধান হবে না। যারা আইন বাস্তবায়ন করবেন, তাদের সদিচ্ছা না থাকলে কোনও লাভ নেই। এ দেশে একের পর এক ভালো আইন হয়েছে, কিন্তু শুধু আইন পাস করলেই সবকিছু বদলে যায় না।’

প্রশ্নফাঁসের মামলাগুলোর জন্য প্রধানমন্ত্রী মোদির ঘোষিত দ্রুত বিচার আদালতের প্রসঙ্গ টেনে দিপকে বলেন, ‘তিন দিন আগে নরেন্দ্র মোদি ফাস্ট-ট্র্যাক আদালতের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এতে মানুষ ভেবেছিল প্রশ্নফাঁসের মামলাগুলোর দ্রুত বিচার হবে। কিন্তু কী হলো?’

তিনি আরও বলেন, ‘প্রথম শুনানিতেই সিবিআইয়ের আইনজীবী উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে গেছে। তাই যত আইনই করা হোক, যারা তা বাস্তবায়ন করবেন তারা যদি দায়িত্বশীল না হন, তাহলে সেই আইনের কোনও অর্থ থাকে না।’

This post was viewed: 4

আরো পড়ুন