Skip to main content

Ridge Bangla

দিল্লির আন্দোলন ইস্যুতে অমিত শাহকে কড়া বার্তা কংগ্রেস প্রধানের

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, অমিত শাহ চিরকাল আড়ালে থাকতে পারবেন না, একদিন তাকে টেনেহিঁচড়ে বের করে আনা হবে। কংগ্রেস প্রধানের এ বক্তব্যকে অসংসদীয় বলে অভিহিত করেছে ভারতীয় জনতা পার্টি। খবর হিন্দুস্তান টাইমসের।

গত ২০ জুলাই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে চলা আন্দোলনে শিক্ষার্থীসহ বিক্ষোভকারীদের ওপর দিল্লি পুলিশের বলপ্রয়োগের ঘটনা নিয়ে সংসদে উত্তপ্ত আলোচনা হয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী দলের সংসদ সদস্যদের অভিযোগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ স্বয়ং অমিত শাহ দিয়েছিলেন।

সংসদে বক্তব্য দিতে গিয়ে মল্লিকার্জুন খাড়গে বলেন, “আপনি (শাহ) হয়তো বন্ধ দরজার ওপার থেকে আমার কথা শুনছেন, তবে একটি বন্ধ ঘরে আপনি চিরকাল লুকিয়ে থাকতে পারবেন না। একদিন আমরা আপনাকে টেনেহিঁচড়ে বের করে আনব।”

খাড়গের এ বক্তব্যের সময়ই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা আপত্তি জানান। তিনি স্পিকারকে উদ্দেশ করে বলেন, “তিনি এ ধরনের অসংসদীয় শব্দ ব্যবহার করতে পারেন না।”

এ বক্তব্যকে ঘিরে উচ্চকক্ষে হট্টগোল শুরু হলে খাড়গে দাবি করেন, তিনি কোনো অসংসদীয় ভাষা ব্যবহার করেননি। নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, “আমরা বলতে আমি জনশক্তি বোঝাতে চেয়েছি, যার মধ্যে রয়েছে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও নারীরা। আমি এ কথা বলিনি যে আমি নিজে স্বরাষ্ট্রমন্ত্রীকে টেনে বের করব। আমি বুঝিয়েছি জনশক্তি তাকে টেনে বের করবে। আমার কথা শুনুন এবং তার উত্তর দিন।”

শিক্ষার্থীদের আন্দোলন সমাপ্ত ঘোষণার পরও গত ২০ জুলাইয়ের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনের একটি সাধারণ ডায়েরির নথিতে দ্রুত অভিযান বাহিনীর এক উপকমান্ডারের বক্তব্য উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দিল্লি পুলিশের এক উপপুলিশ সুপারের নির্দেশে সেদিন অন্তত ২ দফা পেলেট গান ব্যবহার করা হয়েছিল।

তবে নিরাপত্তা বাহিনী ধাতব নাকি প্লাস্টিকের পেলেট ব্যবহার করেছিল, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কারণ পুলিশের কাছে দুই ধরনের পেলেটই রয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন