বলিউড অভিনেতা আমির খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট ও ভয়েস নোটকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তথাকথিত ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ তুলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পোস্ট ও ভয়েস নোটে দাবি করা হয়েছে, আমির খান ‘লাভ জিহাদ’কে উৎসাহিত করছেন। এ কারণে তাকে এর চরম মূল্য দিতে হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। বার্তায় আরজু বিষ্ণোই ও টাইসন বিষ্ণোই নামের দুই ব্যক্তি নিজেদের লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্য বলে পরিচয় দিয়েছেন।
তবে ওই পোস্ট ও ভয়েস নোটের সত্যতা এখনো নিশ্চিত হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে মুম্বাই পুলিশ।
মুম্বাই পুলিশের কমিশনার দেবেন ভারতী বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট ও ভয়েস নোটের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি জানান, এখন পর্যন্ত আমির খান বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (শহর) যোগেশ কদম বলেন, অভিনেতা বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলেই তার সঙ্গে যোগাযোগ করা হবে। পরিস্থিতি বিবেচনায় তার নিরাপত্তা জোরদারের প্রয়োজন রয়েছে কি না, সেটিও পর্যালোচনা করা হচ্ছে।
এর আগে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর পক্ষ থেকে একাধিকবার বলিউড অভিনেতা সালমান খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এবার একই গোষ্ঠীর নাম ব্যবহার করে আমির খানকে ঘিরেও হুমকির বার্তা ছড়িয়ে পড়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।