Skip to main content

Ridge Bangla

চট্টগ্রামে পুলিশি হেফাজত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নারী নির্যাতন মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে পুলিশি হেফাজত থেকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার বারশত ইউনিয়নের কালীবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। যদিও বিষয়টি পরদিন বুধবার (২৯ জুলাই) প্রকাশ্যে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ লোকমানকে গ্রেপ্তারের উদ্দেশ্যে আনোয়ারা থানার সহকারী উপপরিদর্শক শাহ আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বারশত কালীবাড়ি বাজারে অভিযান চালান। এ সময় বাজারে অবস্থানরত লোকমানকে আটক করা হয়। তিনি উপজেলার বারশত ইউনিয়নের গুন্দ্বীপ গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে এবং উপজেলা বিএনপির সদস্য।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আটকের পর স্থানীয় কয়েকজন ব্যক্তি পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে হট্টগোলের মধ্যে হাতে হ্যান্ডকাফ পরা অবস্থায় লোকমানকে ছিনিয়ে নেওয়া হয়। এরপর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় গ্রাম পুলিশ সদস্য মো. শাহাবুদ্দিন বলেন, পুলিশ লোকমানকে আটক করেছিল। পরে তাকে সেখান থেকে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে বলে তিনি শুনেছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষপূর্ণ পরিস্থিতি তৈরি করে লোকমানকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জুম্মা খান, জাহাঙ্গীর খান, আলী হোসেন, মো. আবু তৈয়ব, মো. শাহজাহান ও মুনছুরসহ কয়েকজন ব্যক্তি জড়িত ছিলেন। এছাড়া গোবাদিয়া, পশ্চিমচাল ও বারশত এলাকার আরও কয়েকজন এ ঘটনায় সহযোগিতা করেছেন বলেও তাদের দাবি।

তবে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী বলেন, পুলিশের একটি দল সেখানে গিয়েছিল। কিন্তু আসামিকে হাতেনাতে ধরা সম্ভব হয়নি। বিষয়টি যেভাবে প্রচার করা হচ্ছে, সেভাবে ঘটেনি। তিনি বলেন, লোকমান একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

This post was viewed: 21

আরো পড়ুন