চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মোরশেদ আলম (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার দুই পা এবং এক হাতের অর্ধেক অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত মোরশেদ আলম সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড় এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পরিবারের সদস্যদের সঙ্গে রেললাইনের ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও তৈরি করছিলেন মোরশেদ। এ সময় একটি পিডিবির শান্টিং ট্রেন পুশিং পদ্ধতিতে সামনে এগিয়ে আসছিল। ইঞ্জিনটি পেছনে থাকায় চালক বারবার হর্ন ও সাইরেন বাজিয়ে সতর্ক করলেও ভিডিও ধারণে ব্যস্ত থাকায় মোরশেদ ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা তা খেয়াল করেননি।
একপর্যায়ে ট্রেনটি খুব কাছে চলে এলেও তারা রেললাইন ছেড়ে না সরায় মোরশেদ ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন।
দোহাজারী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. নেচার উল্লাহ বলেন, ট্রেনের চালক একাধিকবার হর্ন ও সাইরেন বাজিয়ে সতর্ক করেছিলেন। কিন্তু তারা রেললাইন থেকে সরে না যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ রকিবুল হাসান (মারুফ) জানান, আহত যুবকের দুই পা এবং এক হাতের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।