Skip to main content

Ridge Bangla

বগুড়ায় নির্মিত হবে ১৫ বিদ্যালয়-কাম বন্যা আশ্রয়কেন্দ্র, ব্যয় প্রায় ১২৬ কোটি টাকা

বগুড়া জেলায় ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে ১২৫ কোটি ৯৮ লাখ ৯২ হাজার ১৯৭ টাকার পূর্তকাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘সহনশীল অবকাঠামোর মাধ্যমে অভিযোজন ও ঝুঁকি হ্রাস’ শীর্ষক প্রথম সংশোধিত প্রকল্পের আওতায় বগুড়া জেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। এতে দুটি প্রতিষ্ঠান অংশ নিলেও কারিগরি মূল্যায়নে একটি প্রতিষ্ঠানকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।

দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে যৌথভাবে গঠিত ‘দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ এবং ‘আহাদ বিল্ডার্স, ঢাকা’-কে ১২৫ কোটি ৯৮ লাখ ৯২ হাজার ১৯৭ টাকায় কাজটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ২০২৩ সালের ১২ মার্চ অনুমোদন পায়। এর বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।

জানা গেছে, অনুমোদিত দর দাপ্তরিক প্রাক্কলিত ব্যয়ের তুলনায় শূন্য দশমিক ২৫১ শতাংশ কম।

প্রকল্পের আওতায় বিদ্যালয়-কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবস্থা, সড়কবাতি, বজ্রনিরোধক ব্যবস্থা, সংযোগ সড়ক, রিইনফোর্সড সিমেন্ট কংক্রিটের বক্স কালভার্ট নির্মাণ, আসবাবপত্র সরবরাহ এবং বৃক্ষরোপণের কাজও সম্পন্ন করা হবে।

This post was viewed: 12

আরো পড়ুন