গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে অপহরণের শিকার হওয়া ৬ বছরের শিশু বোরহানকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ অপহরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে একই দিন দুপুর ১টার দিকে পৌর শহরের চাষকপাড়া গ্রাম থেকে বোরহান নিখোঁজ হয়। পরে শিশুটির পরিবার গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অপহৃত বোরহান ওই এলাকার মিঠু মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে দুপুর ৩টার দিকে বোরহানের মা বানী বেগম থানায় অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জেরে ৪ নম্বর ওয়ার্ডের শফিকুলের ছেলে আরিফ মিয়া (২৫) তার ছেলেকে অপহরণ করে নিয়ে গেছেন। অভিযুক্ত আরিফ তাদের ভাগনি জামাই।
অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে। এ সময় রাতে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মাটিরডালি এলাকায় অভিযুক্তকে আটক করা হলে বিষয়টি বোরহানের পরিবারকে জানানো হয়। পরে শিশুটির বাবা-মা সেখানে গিয়ে বোরহানকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
শিশুটির মা বানী বেগম বলেন, তার স্বামী আরিফকে একটি রিকশা ভাড়া নিয়ে দিয়েছিলেন। পরে আরিফ সেই রিকশা বিক্রি করে পালিয়ে যান। বিষয়টি জানতে পেরে তার স্বামী তাকে খুঁজে বের করে কয়েকটি থাপ্পড় মারেন। সেই ঘটনার পর থেকেই আরিফ শত্রুতা করে আসছিলেন। ওই ক্ষোভ থেকেই তিনি তার ছোট ছেলেকে অপহরণ করেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, সন্তানকে ফিরে পাওয়া গেলেও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে জন্য তারা অপহরণ মামলা করবেন। এ সময় তারা থানায় অবস্থান করছিলেন বলেও জানান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তৎপরতা শুরু করে। পরে অভিযুক্তের পরিবারের ওপর চাপ প্রয়োগের মাধ্যমে শিশুটির অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। শিশুটির বাবা-মা বগুড়ার শিবগঞ্জ থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তিনি বলেন, একটি মুচলেকা নিয়ে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার মামলা করতে চাইলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।