Skip to main content

Ridge Bangla

পুনর্বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে প্রাক্তন স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে কাইয়ূম উদ্দিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, এসব ঘটনার ফলে ভুক্তভোগী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের ফেরিঘাট এলাকা থেকে কাইয়ূম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (২৯ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার কাইয়ূম উদ্দিন আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ফেরিঘাট এলাকার মো. রাশেদের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল মিয়া জানান, প্রেমের সম্পর্কের পর দুজন বিয়ে করেছিলেন। তবে বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের বিচ্ছেদ হয়। পরে কাইয়ূম দ্বিতীয় বিয়ে করেন।

তিনি আরও জানান, দ্বিতীয় বিয়ের পরও অভিযুক্ত বিভিন্ন সময়ে প্রাক্তন স্ত্রীর সঙ্গে দেখা করতেন। এ সময় তাকে আইনিভাবে আবার বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এর ফলে ওই নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে অভিযুক্ত তাকে অস্বীকার করেন এবং সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

এসআই মো. জুয়েল মিয়া বলেন, এরপর ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশনার পর অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে বুধবার দুপুরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

This post was viewed: 5

আরো পড়ুন