Skip to main content

Ridge Bangla

৫ দিনের বিরতি শেষে ইরানে আবারও মার্কিন সামরিক অভিযান

প্রায় ৫ দিনের বিরতির পর আবারও ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের বাহিনী। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী রাত ৮টা, বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নতুন এই অভিযান শুরু হয়।

হামলা শুরুর পর মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক বার্তায় জানায়, “আগের দিন (বুধবার) মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের হামলার উপযুক্ত জবাব দিতে আজকের এই অভিযান শুরু হয়েছে।”

রয়টার্সকে সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যামব্রের কর্মকর্তারা জানান, বুধবার বাংলাদেশ সময় ভোরে মিসরের ভূমধ্যসাগরীয় উপকূলের দামিয়েত্তা বন্দরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাসবাহী ট্যাংকারে ইরানের একটি ড্রোন আঘাত হানে। এতে বন্দরে আগুন ধরে যায়। ওই সময় মার্কিন ও সৌদি বাহিনী যৌথভাবে ইরাকের পূর্বাঞ্চলে ইরানপন্থি সামরিক গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান অভিযান পরিচালনা করছিল।

একই সময়ে জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছিল ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি।

তবে দামিয়েত্তা বন্দরে আগুন লাগার বিষয়টি স্বীকার করলেও ড্রোন হামলার কোনো উল্লেখ করেনি মিসরের পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে শুধু অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করা হয়।

ইরানে নতুন করে অভিযান শুরুর কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “জর্ডানে আমাদের সেনাঘাঁটিতে ইরান হামলা করেছে। এখন আমাদের পালা। আমাদের জবাব খুব কঠিন হবে।”

তবে একই সঙ্গে তিনি জানান, তেহরানের সঙ্গে শান্তিচুক্তির প্রচেষ্টাও চালিয়ে যাবে ওয়াশিংটন।

গত ১৭ জুন ইসলামাবাদ সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর ছিল। তবে জুলাইয়ের প্রথম সপ্তাহে হরমুজ প্রণালিতে আমিরাতের ২টি ট্যাংকার জাহাজে ইরান ড্রোন হামলা চালানোর পর সেন্টকম পাল্টা অভিযান শুরু করে। টানা ১৩ দিন পাল্টাপাল্টি হামলার পর ২৫ জুলাই থেকে উভয় পক্ষ ‘বিরতি’ পালন করছিল।

এদিকে বুধবার রাতে দেওয়া এক বিবৃতিতে জর্ডানে মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার দায় স্বীকার করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর, আইআরজিসি।

সম্প্রতি হরমুজ প্রণালি যৌথভাবে ব্যবস্থাপনার প্রস্তাব ইরানকে দিয়েছিল ওমান। তবে তেহরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বুধবারের বিবৃতিতে বিষয়টিরও উল্লেখ করেছে আইআরজিসি।

This post was viewed: 6

আরো পড়ুন