যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর ৩ দিনের সফরে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছাচ্ছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শনের কথা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নিয়ে আলোচনা করা। সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর জুনে প্রধানমন্ত্রীর চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর বাংলাদেশের কৌশলগত অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে গুরুত্ব পেয়েছে। এই প্রেক্ষাপটে ওয়াশিংটন ঢাকার পররাষ্ট্রনীতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা নিতে চায়।
সূত্রগুলো আরও জানায়, দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূতের দায়িত্বের পাশাপাশি সার্জিও গর ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ কারণে তিনি বিশেষ করে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অগ্রগতি সম্পর্কে জানতে চাইতে পারেন। একই সঙ্গে বাংলাদেশ সরকারের মাধ্যমে ভারত সরকারের কাছে কোনো বার্তা পৌঁছে দেওয়ার বিষয়ও আলোচনায় আসতে পারে। এছাড়া সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা, এ বিষয়ে ঢাকার অবস্থান এবং মস্কো ও আঙ্কারার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ সম্পর্কেও যুক্তরাষ্ট্র জানতে আগ্রহী হতে পারে।
এর আগে গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন।
সম্প্রতি ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ওই বৈঠকে সার্জিও গরও উপস্থিত ছিলেন। সেখানে উভয় পক্ষ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, সার্জিও গর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ভারতের রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পাওয়ার আগে তিনি হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।