শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি উত্তর) মোহাম্মদ কামরুজ্জামান।
এর আগে বুধবার সকালে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আদালতে হাজিরা দেন লতিফ সিদ্দিকী। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, গ্রেপ্তার না করা হলে আগামী রোববার বা সোমবার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে দায়ের করা ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন।
আদালত প্রাঙ্গণে লতিফ সিদ্দিকী বলেন, শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযুক্ত হওয়ায় তিনি আদালতে হাজির হয়েছেন। তিনি উল্লেখ করেন, একই মামলায় ২০২৫ সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
তিনি আরও বলেন, সকালে তিনি জানতে পারেন, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
লতিফ সিদ্দিকী বলেন, “আমি জানি, আজকে যদি আমি আদালতে না আসি, তাহলে মনে করা হবে আমি বোধহয় আত্মগোপনে চলে গেছি। আমি সাধারণত আত্মগোপন করি না; সব সময় আত্মপ্রকাশ করতে চাই। সেজন্যই আজকে এসেছি। এখন পুলিশ যদি আমাকে গ্রেপ্তার না করে, তাহলে আগামী রোববার বা সোমবার আদালতে গিয়ে নিজেকে সমর্পণ করবো। গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, আমাকে যেতে হবে না? এর মধ্যে যদি পুলিশ ধরে নিয়ে যায়, তাহলে তো ভিন্ন কথা। আমি কিন্তু এবার আর ২৮ তারিখের মতো অপ্রস্তুত নই, প্রস্তুত হয়েই এসেছি। আমার গাড়িতে ব্যাগ আছে, লেখালেখির জন্য খাতা-কলম আছে।”