চট্টগ্রামের পটিয়া পৌর এলাকায় মুখোশ পরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২৯ জুলাই) ভোরে পৌর সদরের পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের দাবি, মিছিলে ৮ থেকে ১০ জন অংশ নেন। তারা মুখোশ পরে মহাসড়কে মিছিল বের করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
সূত্র জানায়, মিছিলটির নেতৃত্ব দেন পটিয়া পৌরসভা ছাত্রলীগের সংগঠক হিসেবে পরিচিত পার্থ দাশ। মিছিলে অংশ নেওয়া সবাই মুখোশ পরিহিত ছিলেন।
মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘টুঙ্গিপাড়ার শেখ মুজিব, লও লও লও সালাম’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে তারা স্লোগান দিতে দিতে সড়ক প্রদক্ষিণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল হওয়ার তথ্য তারা পেয়েছেন। তিনি জানান, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা মুখোশ পরিহিত ছিলেন এবং তাদের শনাক্তের চেষ্টা চলছে।