Skip to main content

Ridge Bangla

বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুনভাবে এগিয়ে নিতে সম্মত খলিলুর রহমান ও দিনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

খলিলুর রহমান বলেন, দায়িত্ব নেওয়ার পর দিনেশ ত্রিবেদীর সঙ্গে এটি ছিল তার প্রথম সাক্ষাৎ এবং এটি ছিল একটি সৌজন্য বৈঠক। কূটনৈতিক রীতি অনুযায়ী বিস্তৃত কোনো বিষয়ে আলোচনা হয়নি। তবে দুই দেশের সম্পর্ক নতুনভাবে শুরু বা পুনর্গঠনের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

তিনি বলেন, “আগামীতে আমাদের দু’দেশের সম্পর্ক যাতে পারস্পরিক স্বার্থ সমুন্নত রেখে হয়। আমি ‘বাংলাদেশ প্রথম’ এটা সব সময় বলি, এখনো বলছি। সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব। এ বিষয়ে আমরা একমত পোষণ করি। কোনো বিশেষ বিষয়ে আমাদের দীর্ঘ আলোচনা হয়নি। কেবলমাত্র দু’দেশের সম্পর্ক সাধারণভাবে উন্নীত করার বিষয়ে আলোচনা করেছি।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমন্ত্রণের বিষয়টি সরকার পর্যালোচনা করছে। এ বিষয়ে সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’ প্রসঙ্গে হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে খলিলুর রহমান বলেন, এদিন কোনো নির্দিষ্ট ইস্যু নিয়ে আলোচনা হয়নি। তবে দুই দেশের মধ্যে কিছু অস্বস্তির বিষয় রয়েছে, যা উভয় পক্ষই জানে এবং সেগুলোর সমাধান প্রয়োজন। তিনি বলেন, সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়নি, ভবিষ্যতে যথাসময়ে তা হবে।

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়েও এদিন কোনো আলোচনা হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ, তাই কোনো নির্দিষ্ট ইস্যু নিয়ে কথা হয়নি। ভবিষ্যতে প্রয়োজনীয় সব বিষয়েই আলোচনা হবে।

সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে খলিলুর রহমান বলেন, সেই বৈঠকেও দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা উঠে এসেছে। তিনি জানান, উভয় পক্ষই আগামী দিনে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে।

This post was viewed: 6

আরো পড়ুন