আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলের সান জুয়ান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকালে ইশ্চিগুয়েলাস্তো ন্যাচারাল পার্কের কাছে এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সান জুয়ান প্রদেশের গভর্নর মার্সেলো ওররেগো জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল বেল ৪১২ মডেলের। পার্শ্ববর্তী লা রিওজা প্রদেশে চলমান দাবানল নিয়ন্ত্রণে সহায়তার জন্য সান জুয়ানের প্রাদেশিক সরকার প্রশিক্ষিত দমকলকর্মীদের একটি দল পাঠাচ্ছিল। নিহতরা সেই প্রথম দলের সদস্য ছিলেন।
তিনি জানান, সান জুয়ান থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটের দিকে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে, ওই সময়ই এটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে যাওয়া স্থানীয় সাংবাদিক মাউরিসিও দাভিলা বার্তা সংস্থা এএফপিকে বলেন, “হেলিকপ্টারটি টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে। এটা সত্যিই ভয়াবহ একটি দুর্ঘটনা। কারো বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই।”
হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে সান জুয়ান প্রাদেশিক সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে।
দুর্ঘটনার পর সান জুয়ান প্রদেশে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। গভর্নর মার্সেলো ওররেগো এবং আর্জেন্টিনার কেন্দ্রীয় সরকারের নিরাপত্তাবিষয়ক মন্ত্রী আলেজান্দ্রা মন্তেওলিভা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ার প্রায় সমান আয়তনের লা রিওজা প্রদেশে সাত দিন আগে ভয়াবহ দাবানল শুরু হয়। এতে ইতোমধ্যে হাজার হাজার হেক্টর বনভূমি, গাছপালা ও কৃষিজমি আগুনে পুড়ে গেছে।