চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব-৭। এ ঘটনায় চোরাচালানের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) র্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
র্যাবের ভাষ্য অনুযায়ী, সদরঘাট থানার ৩০ নম্বর ওয়ার্ডের পূর্ব মাদারবাড়ি দারোগারহাট রোডে ইলিয়াস মাঝির বাড়ির একটি ভাড়া করা গুদামে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট মজুত ও বিক্রি করা হচ্ছিল।
গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ওই গুদামে অভিযান চালায় র্যাব-৭। অভিযানের সময় বেলাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি চট্টগ্রাম নগরের চকবাজার থানার সোনামিয়া এলাকার মৃত মুছা মিয়ার ছেলে।
তল্লাশিতে গুদাম থেকে ২ হাজার ৮৫০ কার্টন ওরিস ব্র্যান্ডের এবং ৬৪০ কার্টন প্যাট্রন ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। প্রতিটি কার্টনে ১০ প্যাকেট হিসেবে মোট ৩৪ হাজার ৯০০ প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তি ও জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।