Skip to main content

Ridge Bangla

চট্টগ্রামে চলন্ত প্রাইভেটকারে গুলিবর্ষণ, কৌশলে প্রাণে বাঁচলেন ব্যবসায়ী

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চলন্ত প্রাইভেটকার লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ হামলায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ব্যবসায়ী এস এম শহীদুল্লাহ রনি। প্রাথমিকভাবে পূর্বশত্রুতা ও ব্যবসায়িক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর চারাবটতলা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (২৯ জুলাই) হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

হামলার শিকার এস এম শহীদুল্লাহ রনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদীখীল এলাকার বাসিন্দা এবং বিএনপি নেতা এস এম শফির ছেলে। তিনি রাউজান এলাকায় একাধিক ইটভাটার ব্যবসার সঙ্গে জড়িত।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চট্টগ্রাম শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন শহীদুল্লাহ। সাধারণত তার চালক গাড়ি চালালেও সেদিন তিনি নিজেই স্টিয়ারিংয়ে ছিলেন। মেখল ইউনিয়নের ইছাপুর চারাবটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধের চেষ্টা করে। পরে তারা গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পরপর গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা সেখান থেকে সরে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার বর্ণনা দিয়ে এস এম শহীদুল্লাহ বলেন, “সাধারণত আমার চালক গাড়ি চালায়, আমি পেছনে বসি। কিন্তু গতকাল রাতে আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম। দুর্বৃত্তরা ইট ছোড়ার পরপরই আমি বুদ্ধিমত্তা খাটিয়ে গাড়ির হেডলাইট নিভিয়ে দিই। অন্ধকার থাকায় স্টিয়ারিংয়ে কে আছেন, তারা তা বুঝতে পারেনি। তারা ভেবেছিল আমি পেছনের সিটেই আছি, তাই গাড়ির পেছনের অংশ লক্ষ্য করে গুলি চালায়। ফলে গুলিগুলো পেছনের অংশে লাগলেও আমি অক্ষত অবস্থায় বেঁচে যাই।”

তিনি আরও বলেন, ব্যবসায়িক বিষয় নিয়ে কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ রয়েছে। এর আগেও আমান বাজারে তার বাসভবনে হামলার ঘটনা ঘটেছিল।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, ভুক্তভোগী জানিয়েছেন, কয়েকজনের সঙ্গে তার পূর্বশত্রুতা ও ব্যবসায়িক বিরোধ রয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

This post was viewed: 9

আরো পড়ুন