আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে ২০২৫ সালে ইহুদিদের লক্ষ্য করে সংঘটিত বিদ্বেষমূলক হামলার সংখ্যা গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছে জি ৭ টাস্কফোর্স অ্যাগেইনস্ট অ্যান্টিসেমিটিসিজম।
গতকাল প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইসরায়েলের বাইরে বসবাসকারী বিশ্বের প্রায় ৯০ শতাংশ ইহুদি এই ৭টি দেশেই বসবাস করেন।
বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষী হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন।
এতে আরও উল্লেখ করা হয়, গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বন্ডি বিচে ইহুদিদের হানুক্কাহ উৎসব চলাকালে এলোপাতাড়ি গুলিতে ১৫ জন ইহুদি ধর্মাবলম্বী নিহত হন।
সংস্থাটির দাবি, ২০২৫ সালে এই ৭টি দেশের প্রতিটিতেই ইহুদিদের লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে।
বিবৃতিতে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের সমালোচনা করে বলা হয়, “এই ৭ দেশের সরকারের ভাবগতিক দেখে মনে হচ্ছে যে ইহুদি বিদ্বেষ বা ইহুদিদের লক্ষ্য করে বিদ্বেষপূর্ণ হামলা এখন আর অপরাধ নয়, বরং নিও নর্মাল বাস্তবতা।”
আরও বলা হয়, “সরকার সবসময় (ইহুদিদের ওপর) হামলা হওয়ার পর সক্রিয় হয়; কিন্তু প্রকৃতপক্ষে সরকারের উচিত হামলা প্রতিরোধ করতে পদক্ষেপ নেওয়া।”
প্রসঙ্গত, ১৯৯৪ সালের জুলাই মাসে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসে আর্জেন্টাইন ইহুদিদের সংগঠন অ্যাসোসিয়েশন মিউচ্যুয়াল ইসরায়েলিটা আর্জেন্টিনার দপ্তরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়। ওই হামলায় ঘটনাস্থলেই ৮৫ জন নিহত এবং আরও ৩০০ জন আহত হন। দীর্ঘদিন ধরে এটিকেই প্রবাসী ইহুদিদের লক্ষ্য করে চালানো সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচনা করা হয়ে আসছে।
তবে মঙ্গলবারের বিবৃতিতে জি ৭ টাস্কফোর্স দাবি করেছে, প্রবাসী ইহুদিদের জন্য ২০২৫ সাল ১৯৯৪ সাল এবং এর পরবর্তী ৩০ বছরের যেকোনো সময়ের তুলনায় আরও ভয়াবহ ছিল।