Skip to main content

Ridge Bangla

ইরাকে সৌদি-মার্কিন যৌথ হামলায় নিহত ২০, আহত ৩২

ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। হামলায় আরও ৩২ জন আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) দেশটির প্যারামিলিটারি গ্রুপ পপুলার মোবিলাইজেশন ফোর্সের বিভিন্ন স্থাপনায় এ হামলা চালানো হয়।

পপুলার মোবিলাইজেশন ফোর্স, যা ২০১৬ সালে ইরাকের নিরাপত্তাবাহিনীর সঙ্গে একীভূত হয়, এর আগে একটি সশস্ত্র গোষ্ঠী হিসেবে কার্যক্রম পরিচালনা করত। বর্তমানে এই বাহিনীর অধীনে কয়েকটি পৃথক দল রয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে পপুলার মোবিলাইজেশন ফোর্স জানিয়েছে, রাজধানী বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বাসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা প্রদেশে তাদের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে একাধিক সামরিক সদরদপ্তর, সামরিক যানবাহন এবং বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে বাহিনীটির ৩০ নম্বর ব্রিগেড পৃথক এক বিবৃতিতে জানায়, রাত ৩টা ২০ মিনিটের দিকে নিনেভেহর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে ৭ দফা বিমান হামলা চালানো হয়। ওই হামলায় শুধু নিনেভেহতেই ১০ জন নিহত এবং ৬ জন আহত হন।

হামলার পর ইরাকের প্রধানমন্ত্রী আলি ফালিহ আল-জাইদি জরুরি বৈঠক আহ্বান করেছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলার পর নিনেভেহ প্রদেশের বিভিন্ন স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। একই ধরনের দৃশ্য বাসরা প্রদেশেও দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাসরার হামলাস্থলে উদ্ধারকাজে অংশ নিতে অগ্নিনির্বাপণকর্মীরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সম্প্রতি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নির্দেশনায় একটি ইরাকি গোষ্ঠী সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়েছিল। এর জবাব হিসেবেই এই পাল্টা হামলা চালানো হয়েছে।

সৌদি আরবও হামলার বিষয়টি স্বীকার করেছে। দেশটি জানিয়েছে, তারা নতুন করে উত্তেজনা চায় না। তবে পরিস্থিতির আরও অবনতি হলে তা মোকাবিলায় তারা প্রস্তুত।

This post was viewed: 4

আরো পড়ুন