Skip to main content

Ridge Bangla

হরমুজ প্রণালি যৌথভাবে ভাগের ওমানের প্রস্তাব নাকচ করেছে ইরান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবাণিজ্য পথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ভাগাভাগির বিষয়ে ওমানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে বুধবার (২৯ জুলাই) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের এই সিদ্ধান্তে মধ্যস্থতাকারী দেশগুলো অসন্তোষ প্রকাশ করেছে।

ওমানের প্রস্তাবে হরমুজ প্রণালিকে সমান দুই ভাগে ভাগ করার কথা বলা হয়েছিল। এর একটি অংশ ওমানের এবং অন্য অংশ ইরানের নিয়ন্ত্রণে থাকবে। তবে এই প্রস্তাবে সম্মত হয়নি তেহরান।

ওয়াল স্ট্রিট জার্নালকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, ওমান যদি হরমুজ প্রণালির পুরো নিয়ন্ত্রণ ইরানের হাতে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনায় অংশ নেবে না তেহরান। তার দাবি, ওমানের প্রস্তাবে ইরানের নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। তাই এটি গ্রহণযোগ্য নয়।

তবে তিনি বলেন, ওমান চাইলে হরমুজ প্রণালি দিয়ে বের হওয়া জাহাজগুলো তাদের নিয়ন্ত্রিত অংশ ব্যবহার করতে পারে। কিন্তু প্রণালিতে প্রবেশের নির্ধারিত পথের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকতে হবে।

কাজেম ঘারিবাবাদি বলেন, “হরমুজে প্রবেশের পথটি সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে থাকতে হবে। অপরদিকে বের হওয়ার পথটির একটি অংশ ওমানের নিয়ন্ত্রণে থাকতে পারে। যদি তারা এ প্রস্তাবে সম্মত হয়, তাহলে আমরা পরবর্তী ধাপে আগাব।”

এদিকে মধ্যস্থতাকারী দেশগুলোর দাবি, গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্র যে সমঝোতা স্মারকে সই করেছিল, সেটি আবারও কার্যকর করার চেষ্টা চলছে। তবে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সেই উদ্যোগ জটিল হয়ে পড়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন