Skip to main content

Ridge Bangla

ইয়েমেনে সৌদির নজরদারি ড্রোন ভূপাতিতের দাবি হুথিদের

ইয়েমেনের সাডা প্রদেশের আকাশে সৌদি আরবের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। বুধবার (২৯ জুলাই) সকালে ‘যথাযথ অস্ত্র’ ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, সাডা প্রদেশের আকাশে ‘কারাইয়েল’ মডেলের একটি ড্রোন শত্রুতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল। এরপর সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

তিনি আরও বলেন, ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষায় হুথি বাহিনী তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। কেউ এই সার্বভৌমত্ব লঙ্ঘনের চেষ্টা করলে তার জবাব দেওয়া হবে, যা তাদের বৈধ অধিকার বলে তিনি উল্লেখ করেন।

এদিকে বুধবার সকালে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরাকে যৌথ বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।

সংস্থাটির দাবি, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নির্দেশনায় একটি ইরাকি গোষ্ঠী সম্প্রতি সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় এই পাল্টা অভিযান পরিচালনা করা হয়েছে।

সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যুদ্ধবিমান পূর্ব ইরাকের বিভিন্ন স্থানে সন্ত্রাসী অবকাঠামো ও অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত ৭২ ঘণ্টায় ইসলামিক বিপ্লবী গার্ডের নির্দেশনায় পরিচালিত ৩০টি ড্রোন হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।

আরও বলা হয়, ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইরান-সংশ্লিষ্ট ইরাকি গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের নাগরিক এবং বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ৬০০টির বেশি হামলা চালিয়েছে। ভবিষ্যতে আরও ক্ষয়ক্ষতি এড়াতে এসব গোষ্ঠীকে সব ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে মার্কিন বাহিনী।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের সঙ্গে সমন্বয় করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এতে সৌদি আরবের পেট্রোলিয়াম অবকাঠামোয় হামলা চালানো ইরাকি মিলিশিয়াদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

এর আগে গত সোমবার ও মঙ্গলবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং রিয়াদ অঞ্চলের পেট্রোলিয়াম স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেন, সৌদি আরব নতুন করে উত্তেজনা বাড়াতে চায় না। তবে ইরাকি মিলিশিয়ারা যদি আবারও হামলা চালায়, তাহলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

This post was viewed: 4

আরো পড়ুন