Skip to main content

Ridge Bangla

ইরানে সীমিত স্থল অভিযানের আশঙ্কা, পাকিস্তানি গোয়েন্দা সূত্রের দাবি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সীমিত পরিসরে স্থল সামরিক অভিযান চালাতে পারে বলে দাবি করেছে পাকিস্তানের গোয়েন্দা সূত্র। তাদের মতে, সম্ভাব্য এ অভিযানে ব্যাপক প্রাণহানির ঝুঁকি থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপকূলীয় অঞ্চলগুলো লক্ষ্য করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিতে পারেন।

জার্মান বার্তা সংস্থা ডয়চে প্রেস এজেন্সিকে দেওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানের একাধিক নিরাপত্তা সূত্র বলেছে, প্রায় পাঁচ মাস আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর এখন স্থল অভিযানের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সূত্রগুলোর দাবি, সামরিক পর্যবেক্ষণের ভিত্তিতে তারা মনে করছে, মার্কিন সেনাবাহিনীর সতর্কতা উপেক্ষা করে ট্রাম্প ইরানের উপকূলীয় এলাকায় স্থল হামলার নির্দেশ দিতে পারেন।

প্রতিবেদনে বলা হয়েছে, টানা ৪০ দিনের সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছেছিল। তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে হামলা-পাল্টা হামলার পর সেই সমঝোতা ভেঙে যায়। এরপর যুক্তরাষ্ট্র প্রায় টানা ১৫ দিন ইরানে হামলা চালালেও গত তিন দিন ধরে হামলা বন্ধ রয়েছে।

পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, কাতারকে সঙ্গে নিয়ে তারা আবারও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করেছে। তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা আর কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয়। যুদ্ধবিরতি হলে সেটি স্থায়ী হতে হবে।

এদিকে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া। কয়েক দিন আগে তিনি বলেন, যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে তা মোকাবিলায় ইরানি বাহিনী প্রস্তুত রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ইরানে স্থল অভিযান যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। তাদের ধারণা, মার্কিন সেনারা ইরানে প্রবেশ করলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়তে পারেন, যদি না উপসাগরীয় আরব দেশগুলো তাদের ঘাঁটিতে অবস্থানরত সেনাদের নিরাপত্তা নিশ্চিত করে।

পর্যবেক্ষক সংস্থা আইআইএএসের তথ্য অনুযায়ী, ইরানের সক্রিয় সেনা ও প্যারামিলিটারি সদস্যের সংখ্যা প্রায় ৬ লাখ ১০ হাজার। এছাড়া দেশটির রিজার্ভ বাহিনীতে আরও প্রায় ৩ লাখ ৫০ হাজার সদস্য রয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন