Skip to main content

Ridge Bangla

নওগাঁয় হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে মুনিরা খাতুন (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ফরহাদ হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

আটক ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। নিহত মুনিরা খাতুন ধামইরহাট উপজেলার অমরপুর গ্রামের মাসুদ হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে ছোট বোন মোহসিনাকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান মুনিরা খাতুন। এর আগের দিন ভোরে ঢাকা থেকে বাড়িতে ফেরেন তাঁর স্বামী ফরহাদ হোসেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

সোমবার সকালে স্ত্রীর হাসপাতালে আসার খবর পেয়ে ফরহাদ সেখানে যান। হাসপাতালের সামনে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে মুনিরার বুকে ও পেটের বাঁ পাশে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ। এ সময় মুনিরার চিৎকার শুনে ছোট বোন মোহসিনা এগিয়ে এলে তাঁর ডান হাতেও ছুরিকাঘাত করা হয়।

পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা ফরহাদকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

গুরুতর আহত মুনিরাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

This post was viewed: 15

আরো পড়ুন