Skip to main content

Ridge Bangla

চীন-পাকিস্তানের সামুদ্রিক সক্ষমতার জবাবে ২০০ যুদ্ধজাহাজের বহর গড়ার পরিকল্পনায় ভারত

চীনের দ্রুত সম্প্রসারিত নৌবাহিনী এবং পাকিস্তানের বহরে চীনের তৈরি আধুনিক ডুবোজাহাজ যুক্ত হওয়ার প্রেক্ষাপটে আগামী এক দশকের মধ্যে যুদ্ধজাহাজের সংখ্যা ২০০-তে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে ভারত। এই উদ্যোগ ভারত মহাসাগর অঞ্চলে নয়াদিল্লির কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার প্রচেষ্টার অংশ বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

এই পরিকল্পনার অংশ হিসেবে চলতি মাসে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট আইএনএস মহেন্দ্রগিরি এবং ডুবোজাহাজ শনাক্ত ও প্রতিরোধে সক্ষম যুদ্ধজাহাজ আইএনএস মালভান। ভারত এগুলোকে নিজস্ব প্রযুক্তিতে নৌবহর সম্প্রসারণ এবং বিদেশি সরবরাহকারীর ওপর নির্ভরতা কমানোর সক্ষমতার উদাহরণ হিসেবে তুলে ধরছে।

আইএনএস মহেন্দ্রগিরির নকশা করেছে ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো। জাহাজটি নির্মাণ করেছে মাজাগন ডক শিপবিল্ডার্স, যেখানে প্রায় ৭৫ শতাংশ দেশীয় উপকরণ ব্যবহার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীলতার নীতিরই প্রতিফলন।

মহেন্দ্রগিরি নীলগিরি শ্রেণির ষষ্ঠ যুদ্ধজাহাজ। একই শ্রেণির সপ্তম জাহাজ বিন্ধ্যাগিরি আগামী কয়েক মাসের মধ্যে নৌবাহিনীতে যুক্ত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ‘প্রজেক্ট-১৭ ব্রাভো’ কর্মসূচির আওতায় আরও সাত থেকে আটটি নতুন প্রজন্মের যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

বর্তমানে ভারতীয় নৌবাহিনীর বহরে প্রায় ১৫০টি জাহাজ রয়েছে। এর মধ্যে প্রায় ১৩৫টি ফ্রিগেট, ডেস্ট্রয়ার ও ডুবোজাহাজসহ সম্মুখসারির যুদ্ধজাহাজ। এছাড়া আরও প্রায় ৫০টি জাহাজ নির্মাণাধীন রয়েছে।

ভারতীয় নৌবাহিনীর সাবেক রিয়ার অ্যাডমিরাল ও প্রতিরক্ষা বিশ্লেষক সঞ্জয় মিশ্রের মতে, বহরের বড় অংশ দেশীয়ভাবে নির্মিত হওয়ায় ২০৩৫ সালের মধ্যে ২০০ যুদ্ধজাহাজের লক্ষ্য অর্জন সম্ভব। তাঁর মতে, প্রয়োজনীয় বিনিয়োগ ও নীতিগত সহায়তা অব্যাহত থাকলে ভারত এই লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, বর্তমান কৌশলগত পরিস্থিতিতে ভারতের অন্তত দুটি পূর্ণাঙ্গ ও উচ্চক্ষমতাসম্পন্ন নৌবহর সবসময় প্রস্তুত রাখা প্রয়োজন। তবে এ সক্ষমতা নিশ্চিত করতে যুদ্ধজাহাজের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক সহায়ক জাহাজও প্রয়োজন হবে।

লক্ষ্য অর্জনে নতুন জাহাজ অন্তর্ভুক্তির গতি বাড়িয়েছে ভারতীয় নৌবাহিনী। বর্তমানে প্রায় প্রতি ছয় সপ্তাহে একটি করে নতুন যুদ্ধজাহাজ বহরে যুক্ত হচ্ছে। শুধু গত দেড় মাসেই দেশীয় প্রযুক্তি ও উপকরণে নির্মিত পাঁচটি জাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভারতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা হলো ২০৪৭ সালের মধ্যে যুদ্ধজাহাজ নির্মাণ এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ উৎপাদনে সম্পূর্ণ আত্মনির্ভরশীলতা অর্জন করা।

তবে বিশ্লেষকদের মতে, এ লক্ষ্য বাস্তবায়নে এখনও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিশেষায়িত ইস্পাতসহ কয়েকটি গুরুত্বপূর্ণ উপকরণের জন্য ভারত এখনো আমদানির ওপর নির্ভরশীল। এছাড়া দুর্বল সরবরাহব্যবস্থা এবং পুরোনো জাহাজ নির্মাণ অবকাঠামোও এই উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে থাকতে পারে।

This post was viewed: 31

আরো পড়ুন