Skip to main content

Ridge Bangla

পা ভাঙার চিকিৎসা নিতে গিয়ে হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার, পরে রোগীর মৃত্যু; চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

ভারতের হরিয়ানার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগে এক নারীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে মামলা হয়েছে। সড়ক দুর্ঘটনায় পা ভেঙে হাসপাতালে ভর্তি হওয়া ওই নারীর পরিবারের অভিযোগ, তাঁদের অনুমতি ছাড়াই তাঁর হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করা হয়। পরে তাঁর মৃত্যু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত গুড্ডি দেবী উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলার বাসিন্দা। গত ২৪ জুলাই সড়ক দুর্ঘটনায় তাঁর পা ভেঙে গেলে হরিয়ানার পানিপথের জিটি রোডের পার্ক হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের আশা ছিল, তাঁর পায়ের অস্ত্রোপচার বা প্রয়োজনীয় অর্থোপেডিক চিকিৎসা করা হবে।

নিহতের ছেলে কুলদীপের অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার পরদিন কর্তৃপক্ষ তাঁদের জানায়, গুড্ডি দেবীর হৃদ্‌যন্ত্রে একটি রিং বসানো হয়েছে। তবে এ বিষয়ে আগে তাঁদের কোনো অনুমতি নেওয়া হয়নি এবং অস্ত্রোপচারের আগে কিছুই জানানো হয়নি।

পরিবারের আরও অভিযোগ, অস্ত্রোপচারের সম্মতিপত্রে তাঁদের স্বাক্ষর জাল করা হয়েছে। হৃদ্‌যন্ত্রে রিং বসানোর বিষয়টি অস্ত্রোপচার শেষ হওয়ার পর চিকিৎসকদের কাছ থেকে জানতে পারেন তাঁরা।

কুলদীপের দাবি, চিকিৎসকদের অবহেলা, প্রতারণা এবং অপ্রয়োজনীয় চিকিৎসার কারণেই তাঁর মায়ের মৃত্যু হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাইতে গেলে তাঁদের ভয়ভীতি দেখানো হয়। এমনকি অভিযোগ করলেও হাসপাতালের কিছু হবে না বলেও জানানো হয়েছে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে পানিপথের সেক্টর-২৯ থানার পুলিশ হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে পার্ক হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা সপনা জানিয়েছেন, বিষয়টি নিয়ে পরে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে। তবে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি।

পুলিশের ভাষ্য, পরিবারের আনা অভিযোগগুলোর সত্যতা এখনো নিশ্চিত হয়নি। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ এবং কারও দায় রয়েছে কি না, তা নির্ধারণ করা হবে।

This post was viewed: 4

আরো পড়ুন