Skip to main content

Ridge Bangla

বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা আরও বাড়াতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকের পর চীনা দূতাবাসের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীন ও বাংলাদেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তিগুলোর একটি হিসেবে সাংস্কৃতিক বিনিময়ের কথা উল্লেখ করেন। একই সঙ্গে এ ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

ইয়াও ওয়েন বলেন, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এবং দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে সাংস্কৃতিক বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চীন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময়কে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে উভয় দেশ একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রদূত।

বৈঠকে বাংলাদেশের পক্ষ রাষ্ট্রদূতের এ দৃষ্টিভঙ্গির প্রশংসা করে জানায়, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় ইতিবাচক ফল বয়ে এনেছে। এ সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশেরও আগ্রহ রয়েছে।

এ সময় সংস্কৃতি ও শিল্পকলার পাশাপাশি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা এবং ব্যবহারিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও উভয় পক্ষ আলোচনা করে।

বৈঠকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাও উপস্থিত ছিলেন।

This post was viewed: 7

আরো পড়ুন