Skip to main content

Ridge Bangla

মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম প্রধানের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশে নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। বৈঠকে মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং নিরাপদ অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আইওএমের সঙ্গে দুই দশকের দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদার, জাতীয় মানবপাচারবিরোধী কার্যক্রম শক্তিশালী করা, সাইবার প্রযুক্তিনির্ভর মানবপাচার প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৈঠকে আইওএমের মিশন প্রধান জানান, সংস্থাটির ডেপুটি ডিরেক্টর জেনারেল উগোচি ড্যানিয়েল আগামী ১ থেকে ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। এ উপলক্ষে ৪ আগস্ট ইউএন হাউজ বাংলাদেশে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

সালাহউদ্দিন আহমদ নবনিযুক্ত চিফ অব মিশনকে বাংলাদেশে স্বাগত জানিয়ে মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকীকরণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের যৌথ উদ্যোগে প্রণীত সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা কৌশলের জাতীয় বৈধকরণ কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখাসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে আইওএম তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এ সময় মানবপাচার প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা এবং আইওএমের কারিগরি সহায়তা নিয়েও আলোচনা হয়। আইওএম নীতিগত সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ, গবেষণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং বৈশ্বিক তহবিল সংগ্রহে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. লরা টম-বন্ডের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটিই ছিল প্রথম দ্বিপক্ষীয় বৈঠক।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, আইওএমের ন্যাশনাল কনসালটেন্ট (গভর্মেন্ট) ড. এস এম মোরশেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

This post was viewed: 8

আরো পড়ুন