রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আহতদের চিকিৎসার জন্য বাইরে থেকে কোনো ওষুধ বা চিকিৎসাসামগ্রী প্রয়োজন হলেও তার ব্যয়ও সরকার বহন করবে। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় তিনি আহতদের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, দুর্ঘটনায় মোট আটজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে আরও একজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, আহত বাকি ছয়জনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজনের সবার প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।