টানা ৪৫ দিন বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল আবারও চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার (২৮ জুলাই) থেকে হাসপাতালটি পুনরায় রোগীদের জন্য খুলে দেওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ অনাকাঙ্ক্ষিত ছয় নবজাতকের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে জানিয়েছে, বন্ধ থাকার সময়ে হাসপাতালের ওয়ার্ড, নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ সার্বিক অবকাঠামোর সংস্কার ও আধুনিকায়নের কাজ সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
লাইসেন্স পুনর্বহালের পর মঙ্গলবার সকাল থেকে হাসপাতালটিতে পূর্ণাঙ্গভাবে চিকিৎসা ও সেবা কার্যক্রম শুরু হয়েছে। হাসপাতালটি পুনরায় চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং চিকিৎসা নিতে আসা রোগীরা।
এর আগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স ৩টি শর্তে পুনর্বহাল করে সরকার। এ বিষয়ে সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।