সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ১৫ জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পর এস কে সুর চৌধুরী এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী ২১ কার্যদিবসের মধ্যে জমা দিতে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি ওই বিবরণী দাখিল করেননি।
এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা করে দুদক। পরে ২০২৫ সালের ৪ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। একই বছরের ৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় ৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।
এর আগে ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।