Skip to main content

Ridge Bangla

মেহেরপুরে এনসিপির পথসভায় শেখ হাসিনাকে নিয়ে হাসনাতের মন্তব্য

বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, “পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না। ওখান থেকে আসার কথা বলে নেতাকর্মীদেরকে বের করবে আর তারা গণপিটুনি খাবে।”

সোমবার (২৭ জুলাই) রাতে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে এনসিপির জুলাই পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

পথসভায় হাসনাত আব্দুল্লাহ শিক্ষামন্ত্রীরও সমালোচনা করেন। তাকে ‘সাইকো’ আখ্যা দিয়ে তিনি বলেন, সংসদে ক্ষমা চাওয়ার পরও শিক্ষকদের বদলি করে প্রতিশোধ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় ও প্রশাসনের ব্যর্থতার দায় নিরীহ শিক্ষকদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ করে তিনি বলেন, তার সম্পদ কমেনি। আগের চাইতে ২৫ গুন সম্পদ বৃদ্ধি পেয়েছে। ওনার ছেলে ব্যাংকের ডিরেক্টর পর্যন্ত ছিল।

প্রশাসনের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করলে সব ধরনের সহযোগিতা করা হবে। তবে কোনো রাজনৈতিক দলের সেবাদাসে পরিণত হলে, তাদের ৫ আগস্টের কথা মনে করিয়ে দেন তিনি। একই সঙ্গে নতুন বাংলাদেশ গড়তে চাঁদাবাজি বন্ধেরও আহ্বান জানান।

পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ড. মাহমুদা মিতু, নুসরাত তাবাসসুম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলা প্রধান সমন্বয়কারী অ্যাড. সাকিল আহমাদ।

চুয়াডাঙ্গায় পদযাত্রা শেষে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এনসিপির গাড়িবহর মেহেরপুরের গাংনীতে পৌঁছায়। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে পথসভা শেষে তারা কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন।

This post was viewed: 3

আরো পড়ুন