ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলিম পরীক্ষায় ৫ পরীক্ষার্থীকে নকলে সহযোগিতার অভিযোগে এক মাদরাসাশিক্ষককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় জড়িত ৫ পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে কসবা মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির জানান, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় রানিখার এমদাদুল বাড়ি আলিম মাদরাসার শিক্ষক মুহাম্মদ মনির হোসেনের কাছে হাতে লেখা বহুনির্বাচনী প্রশ্নের উত্তরের একটি কাগজ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে তিনি ৫ পরীক্ষার্থীকে নকল করতে সহযোগিতা করেছেন বলে প্রমাণিত হয়।
এ ঘটনায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি চলতি বছরের আলিম পরীক্ষার অবশিষ্ট সব বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ থেকেও তাদের বিরত রাখা হয়।
পরে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী নকলে সহযোগিতার দায়ে শিক্ষক মুহাম্মদ মনির হোসেনকে ১ বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির বলেন, পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় অবলম্বন বা পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।