যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের অনুরোধের পরই দেশটির বিরুদ্ধে সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে নতুন কোনো সমঝোতা না হলে আবারও হামলা শুরু হবে বলেও সতর্ক করেছেন তিনি।
সোমবার (২৭ জুলাই) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।
তিনি বলেন, ‘তারা খুব ভদ্রভাবে আমাদের বলেছে, “অনুগ্রহ করে হামলা বন্ধ করুন, চলুন বৈঠকে বসি।” এখন আমরা সেই পর্যায়েই আছি। দেখি কী হয়। যদি কোনো সমঝোতা না হয়, তাহলে আবার আগের অবস্থায় ফিরে যাব।’
প্রায় দুই সপ্তাহ ধরে ইরানে ধারাবাহিক সামরিক হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র সাময়িক বিরতির ঘোষণা দেয়। একই সময়ে ট্রাম্প প্রশাসন তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য পরবর্তী সামরিক পদক্ষেপ নিয়েও মূল্যায়ন করছে।
এর আগে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সামরিক অভিযান আরও বিস্তৃত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, তাদের আশঙ্কা ছিল, দীর্ঘমেয়াদি সামরিক অভিযান চালানো হলে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে।