অভিনয় জীবন থেকে বিদায় নেওয়ার আগে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জনা নায়গন’ শুরুতে প্রত্যাশা পূরণ করতে না পারলেও সপ্তাহান্তে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। মুক্তির মাত্র চার দিনের মধ্যেই ছবিটি বিশ্বব্যাপী ২০০ কোটির রুপির গণ্ডি অতিক্রম করেছে। খবর হিন্দুস্তান টাইমসের।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) মুক্তির দিন তামিলনাড়ুতে ‘জনা নায়গন’-এর অধিকাংশ প্রদর্শনী ছিল হাউসফুল। তবে রাজ্যের বাইরে ছবিটির ব্যবসা তুলনামূলকভাবে ধীর ছিল। সব মিলিয়ে উদ্বোধনী দিনে বিশ্বব্যাপী ৭৮ কোটি রুপি আয় করে সিনেমাটি।
এই আয় সর্বকালের সেরা পাঁচ উদ্বোধনী তামিল চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নেওয়ার জন্য যথেষ্ট ছিল না। ফলে বিজয়ের শেষ সিনেমা হিসেবে বিষয়টি অনেকের কাছে হতাশাজনক বলে বিবেচিত হয়।
তবে শুক্রবার কিছুটা মন্দা থাকলেও শনিবার ও রোববার বক্স অফিসে গতি ফিরে পায় ছবিটি। শনিবার ভারতে এর নেট আয় ছিল ২৮ দশমিক ৯০ কোটি রুপি এবং রোববার আয় হয় ৩২ কোটি রুপি। চার দিনের বর্ধিত উদ্বোধনী সপ্তাহান্ত শেষে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১২৪ কোটি রুপি। একই সময়ে গ্রস আয় হয়েছে ১৪৬ কোটি রুপি।
বিদেশের বাজারেও ভালো সাড়া পেয়েছে ‘জনা নায়গন’। বিশেষ করে যুক্তরাষ্ট্রে প্রিমিয়ার প্রদর্শনী থেকেই প্রথম দিনে ২০ লাখ মার্কিন ডলারের বেশি আয় করে ছবিটি। অন্যান্য দেশের বাজার থেকে যোগ হয় আরও ১০ লাখ মার্কিন ডলারের বেশি।
রোববার পর্যন্ত বিদেশি বাজারে ছবিটির মোট আয় ৭৫ লাখ মার্কিন ডলার ছাড়িয়েছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় পৌঁছেছে ২১৭ কোটি রুপিতে। এর মাধ্যমে চলতি বছরে সূরিয়ার ‘করুপ্পু’-এর পর ২০০ কোটির ক্লাবে জায়গা করে নেওয়া দ্বিতীয় তামিল চলচ্চিত্র হলো ‘জনা নায়গন’।
এইচ ভিনোথ পরিচালিত ‘জনা নায়গন’ রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগে অভিনেতা হিসেবে থালাপতি বিজয়ের শেষ সিনেমা। প্রথমে জানুয়ারিতে মুক্তির পরিকল্পনা থাকলেও সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় মুক্তি পিছিয়ে যায়। এরই মধ্যে বিজয়ের দল টিভিকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়ী হয় এবং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।
সিনেমাটিতে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ এবং নারাইন।