Skip to main content

Ridge Bangla

বিশ্বকাপে ফেরার মিশনে পুরোনো ভরসা, দ্বিতীয় দফায় ইতালির কোচ হচ্ছেন রবার্তো মানচিনি

দ্বিতীয়বারের মতো ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন রবার্তো মানচিনি। মঙ্গলবার (২৮ জুলাই) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইতালির বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো ফেডারেল কাউন্সিলের বৈঠকে মানচিনির নিয়োগের ঘোষণা দিয়ে বলেন, ‘মানচিনিই আমাদের কোচ।’

৬১ বছর বয়সী মানচিনি এর আগে প্রথম মেয়াদে ২০২১ সালে ইতালিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতিয়েছিলেন। সে সময়ে তিনি জাতীয় দলের হয়ে ৫৮টি ম্যাচে দায়িত্ব পালন করেন।

ক্লাব ফুটবলেও সফল কোচ হিসেবে পরিচিত মানচিনি। তিনি ইন্টার মিলান, ফিওরেন্টিনা ও ম্যানচেস্টার সিটির দায়িত্ব পালন করেছেন। ম্যানচেস্টার সিটির কোচ থাকাকালে ২০১১-১২ মৌসুমে ক্লাবটির ইতিহাসের প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জেতান তিনি।

এদিকে, ইতালির কোচ নিয়োগ প্রক্রিয়ায় প্রথম পছন্দ ছিলেন আন্দ্রেয়া পিরলো। তবে একটি রুশ বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগে নিয়োগ প্রক্রিয়া আটকে যায়। এর জেরে সোমবার পদত্যাগ করেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এবং উপদেষ্টা লিওনার্দো।

এর আগে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন সাবেক ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। এরপরই মানচিনির ফের ইতালির কোচ হওয়ার পথ উন্মুক্ত হয়।

উল্লেখ্য, গত এপ্রিলে বিশ্বকাপ বাছাইপর্বে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হারের পর টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলতে ব্যর্থ হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ওই ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন তৎকালীন প্রধান কোচ জেন্নারো গাত্তুসো। এরপর থেকেই জাতীয় দলটির প্রধান কোচের পদটি শূন্য ছিল।

This post was viewed: 4

আরো পড়ুন