ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ার পর এবার বিনোদন জগতেও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। একটি নতুন ব্রিটিশ টেলিভিশন নাট্যধারাবাহিকে নির্বাহী প্রযোজক ও অভিনেতা হিসেবে দেখা যাবে তাকে।
ব্রিটিশ ফুটবল অঙ্গন এবং ফুটবল এজেন্টদের অন্তরালের গল্প নিয়ে নির্মিত ‘ডে ওয়ানস’ শিরোনামের এই ধারাবাহিকে রোনালদোর পাশাপাশি যুক্ত রয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের সাবেক কিংবদন্তি থিয়েরি অঁরি। প্রধান চরিত্রে অভিনয় করবেন হলিউড অভিনেতা ড্যামিয়ান লুইস।
এর আগে বিভিন্ন বিজ্ঞাপনে অভিনয় করলেও এবারই প্রথম কোনো পূর্ণাঙ্গ টেলিভিশন নাটক বা ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবল তারকা।
ফুটবল মাঠে তার সাফল্যের পর এবার অভিনয়ে কেমন পারফরম্যান্স দেখান, তা দেখার অপেক্ষায় রয়েছেন বিশ্বের কোটি কোটি ভক্ত। নতুন এই প্রকল্পের মাধ্যমে ক্রীড়াঙ্গনের গণ্ডি পেরিয়ে বিনোদন জগতেও নিজের উপস্থিতি জানান দিতে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।