ভারতের জাতীয় পর্যায়ের চাকরি পরীক্ষা নীটের প্রশ্নপত্রে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ২৫ জুলাই পালিত ‘বিহার বন্ধ’ কর্মসূচির সময় শিক্ষার্থী বিক্ষোভে একে-৪৭ রাইফেল থেকে গুলি ছোড়ার অভিযোগে বিহার পুলিশের এক কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় রাজ্যসভার সাংসদ মনোজ কুমার ঝা সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন। এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নীল হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরা কনস্টেবল অভিষেক প্যাটেল বিক্ষোভকারীদের দিকে দৌড়ে গিয়ে একে-৪৭ রাইফেল থেকে অন্তত একটি গুলি ছোড়েন। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ঘটনাস্থলে মোট ৪ থেকে ৫ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। যদিও ভাইরাল হওয়া ভিডিওতে একটি গুলি ছোড়ার দৃশ্যই দেখা যায়।
ভিডিওতে আরও দেখা যায়, গুলি ছোড়ার পর ওই কনস্টেবল সহকর্মীদের সামনে এগিয়ে আসার নির্দেশ দেন। পরে একজন পুলিশ সদস্য মাটিতে পড়ে থাকা একটি বস্তু তুলে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছুড়ে মারেন।
ছাত্র সংগঠনগুলোর ডাকা রাজ্যব্যাপী এই কর্মসূচিতে বিহারের বিভিন্ন জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেক স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।
এ ঘটনায় সিওয়ানের পুলিশ সুপার জানিয়েছেন, ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর জেলা গোয়েন্দা শাখায় কর্মরত কনস্টেবল অভিষেক প্যাটেলকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রমও শুরু হয়েছে।
তবে গণমাধ্যমে পুলিশের গুলিতে ৩ জন আহত হওয়ার খবর প্রকাশিত হলেও পুলিশ সুপার দাবি করেছেন, পুলিশের গুলিতে কেউ আহত হননি।
তিনি আরও বলেন, কী পরিস্থিতিতে ওই কনস্টেবল একে-৪৭ থেকে গুলি চালিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, বিক্ষোভ চলাকালে কোনো অবস্থাতেই গুলি না চালানোর স্পষ্ট নির্দেশ আগে থেকেই দেওয়া ছিল।