২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল ওই দিন সারাদেশে একযোগে প্রকাশ করা হবে। ফল সংগ্রহ ও দেখার নিয়মাবলি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এর আগে ঘোষণা দেওয়া হয়েছিল, ২০ জুলাই ফল প্রকাশ করা হবে। তবে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ফল প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়া হয়।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। লিখিত পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে ছাত্র ছিলেন ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
এদিকে, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন বা নকলের অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।