নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঘৃণা উসকে দেওয়ার অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। এর আগে নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিয়েছিলেন মামদানি। সোমবার (২৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
নেতানিয়াহু বলেন, নিউইয়র্ক সিটির মেয়রের গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার পরিকল্পনা থেকে সরে আসছেন না।
তবে গত সপ্তাহে জোহরান মামদানি তার আগের অবস্থান থেকে সরে আসেন। তিনি স্বীকার করেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বেনয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করার আইনি ক্ষমতা তার নেই।
মামদানিকে উদ্দেশ করে নেতানিয়াহু বলেন, “তার তো ইহুদি, খ্রিস্টান, মুসলিম, সকল নিউ ইয়র্কবাসীর মেয়র হওয়ার কথা, কিন্তু তিনি এক গোষ্ঠীকে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করছেন।”
বৃহস্পতিবার নিউইয়র্কে ঘটে যাওয়া ২টি ছুরিকাঘাতের ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ওই ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তি কয়েক ব্লকের ব্যবধানে একজন ইহুদি ও একজন এশীয় ব্যক্তিকে ছুরিকাঘাত করে।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি হামলার সময় “আল্লাহু আকবার” বলে চিৎকার করেছিল। প্রতিটি ঘটনায় তার বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধের অভিযোগ আনা হয়েছে।
এসব ঘটনার উল্লেখ করে নেতানিয়াহু বলেন, “নিউইয়র্কের ইহুদিরা এই মুহূর্তে ভীত।”