ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে নিহত ৪ মার্কিন সেনাসদস্যের নাম যুক্তরাষ্ট্রের সরকারি যুদ্ধাহত ও নিহতের মূল তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস। পরে তাদের তথ্য পৃথক একটি নতুন শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে হতাহতদের তথ্য সংরক্ষণের জন্য মার্কিন সামরিক বাহিনীর প্রধান তথ্যভান্ডার ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম থেকে গত সপ্তাহে নিহত ওই ৪ সেনাসদস্যের পাশাপাশি আহত আরও বহু সেনার তথ্যও মূল তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়।
পরে এসব তথ্য “ওভারসিজ অপারেশনস” নামে নতুন একটি শিরোনামের অধীনে প্রকাশ করা হয়। সেখানে নিহত ৪ সেনার নামের পাশাপাশি ২০৭ জন আহত সেনাসদস্যের তথ্যও যুক্ত করা হয়েছে। তবে তালিকাভুক্ত প্রত্যেকের আঘাত সরাসরি ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কি না, তা এখনো স্পষ্ট নয়।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) পেন্টাগনের প্রেস সেক্রেটারি জোয়েল ভালদেজ বলেন, হতাহতের তথ্যের উপস্থাপনায় যে পরিবর্তন দেখা গেছে, তা কিছু “অস্বাভাবিকতা” এবং “সাময়িক তথ্যগত বিঘ্ন”-এর কারণে হয়েছে। তিনি জানান, এসব সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
হতাহতের তথ্য উপস্থাপনায় এই পরিবর্তন এমন সময়ে এলো, যখন যুদ্ধসংক্রান্ত তথ্য প্রকাশে পেন্টাগনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়, সংঘাত নতুন করে শুরু হওয়ার পর সামরিক কর্তৃপক্ষ যুদ্ধের কৌশল ও হতাহতের তথ্য আগের তুলনায় অনেক কম প্রকাশ করছে।
প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসের শুরু থেকে ইরান যুদ্ধ নিয়ে পেন্টাগন আর কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন আয়োজন করেনি। একই সময়ে ইউএস সেন্ট্রাল কমান্ড সাংবাদিকদের কাছে নিয়মিত হতাহতের তথ্য প্রকাশও বন্ধ করে দিয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এসব পরিবর্তনের ফলে যুদ্ধসংক্রান্ত সরকারি তথ্যের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।