যুক্তরাষ্ট্রের সিয়াটলের স্পেস নিডল টাওয়ারের কাছে বন্দুক হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর বিবিসি ও রয়টার্সের।
ঘটনার সময় সেখানে জনপ্রিয় ‘বাইট অব সিয়াটল’ ফুড ফেস্টিভ্যাল চলছিল। উৎসবে কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় কয়েকজন বন্দুকধারী হঠাৎ গুলি চালালে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে ২ বছর বয়সী এক শিশুকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আরেকজন আহত ব্যক্তি সামান্য আঘাত পেলেও হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য সিয়াটল টাইমস এবং টেলিভিশন চ্যানেল কোমো সিয়াটল ফায়ার ডিপার্টমেন্টের বরাতে জানিয়েছে, এ ঘটনায় ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিয়াটল পুলিশ জানায়, সিয়াটল সেন্টার এলাকায় গুলির ঘটনা ঘটেছে এবং একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ সাধারণ মানুষকে ঘটনাস্থল এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্ত চলছে বলেও জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬টার দিকে পরপর কয়েকটি গুলির শব্দ শোনা যায়। পরে পুলিশ ও জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যান।
এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুক হামলার ঘটনায় ২ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সিয়াটলের মেয়র কেটি উইলসন এক বিবৃতিতে বলেন, ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ২ সন্দেহভাজনকে আটক করায় তিনি সিয়াটল পুলিশ বিভাগের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।
তবে আটক ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
মেয়র কেটি উইলসন এ ঘটনাকে “ভয়াবহ সহিংসতার একটি ঘটনা” হিসেবে উল্লেখ করে নিন্দা জানান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছে। একই সঙ্গে পুরো একটি সম্প্রদায় বোঝার চেষ্টা করছে, সংস্কৃতি, পারস্পরিক বন্ধন ও আনন্দ উদযাপনের জন্য আয়োজিত একটি অনুষ্ঠান কীভাবে মুহূর্তের মধ্যে ভয়াবহ বন্দুক হামলায় পরিণত হলো।