Skip to main content

Ridge Bangla

ভারতের পরীক্ষা ব্যবস্থায় বড় সংস্কার, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

ভারতের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর করতে বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রযুক্তি উদ্যোক্তা নন্দন নিলেকানির নেতৃত্বে গঠিত এই উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সুপারিশ করবে। রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।

ভিডিও বার্তায় নরেন্দ্র মোদি বলেন, দেশের পরীক্ষা ব্যবস্থা হতে হবে নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ। এ লক্ষ্যেই আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে বিশ্বখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটি পরীক্ষা-সংক্রান্ত সংস্কারের বিভিন্ন দিক পর্যালোচনা করবে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় ভারত সরকার ধারাবাহিকভাবে নানা উদ্যোগ নিয়েছে। যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা এখন কারাগারে রয়েছে। এসব মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হয়েছে। পাশাপাশি সংসদে কঠোর আইনি বিধান সংবলিত নতুন আইন প্রণয়নের কাজও এগিয়ে চলছে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের বিতর্কের পর পরীক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নিয়েছে।

এদিকে, প্রশ্নফাঁস ও সংঘবদ্ধ পরীক্ষা জালিয়াতির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে পাবলিক এক্সামিনেশনস অ্যাক্ট সংশোধনের প্রস্তাবও দিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধনীতে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত, দ্রুত বিচার এবং প্রশ্নফাঁস ও সংঘবদ্ধ পরীক্ষা জালিয়াতির ঘটনায় আরও কঠোর শাস্তির বিধান রাখার কথা বলা হয়েছে।

ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বাধীন টাস্কফোর্স প্রযুক্তির কার্যকর ব্যবহার পর্যালোচনা করবে। পাশাপাশি সারা দেশে সরকারি পরীক্ষার আয়োজনকে আরও স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও দক্ষ করে তুলতে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের সুপারিশ করবে।

উল্লেখ্য, ককরোচ জনতা পার্টির নেতৃত্বে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।

This post was viewed: 4

আরো পড়ুন