Skip to main content

Ridge Bangla

চা শিল্পের সংকট নিরসনে নীতিগত ও আর্থিক সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশের চা শিল্পের উন্নয়ন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার টেকসই সমাধানে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে চা শিল্পের উন্নয়নবিষয়ক এক সভায় তিনি এ আশ্বাস দেন।

সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা শিল্পের বর্তমান পরিস্থিতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। পাশাপাশি শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন দাবি ও প্রস্তাবও উপস্থাপন করেন।

সব পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর প্রধানমন্ত্রী চা শিল্পকে জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবে।

প্রধানমন্ত্রী বিদ্যমান ঋণের দায় সহজীকরণ, স্বল্প সুদে ঋণ দেওয়ার উদ্যোগ এবং চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ সৃষ্টির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান।

চা শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

This post was viewed: 9

আরো পড়ুন