দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৫৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১১৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকায় ১৭২ জন, বরিশাল বিভাগে ৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, খুলনা বিভাগে ৪৮ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন এবং রংপুর বিভাগে ১০ জন রয়েছেন। এ সময়ে সিলেট বিভাগে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যে ৩ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন ঢাকা বিভাগে, একজন খুলনা বিভাগে এবং একজন বরিশাল বিভাগে মারা গেছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১১৮ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৫১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৮৬৯ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৯৩৭ জন। একই সময়ে ডেঙ্গুতে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে।