Skip to main content

Ridge Bangla

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ১৫ মার্চের পর প্রাণহানি বেড়ে ৮২০

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৮২০ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬০ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু হলেও এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৮২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছেন ৭২৫ জন এবং হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে নতুন করে ১৭০ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৯০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ে মোট ১৫ হাজার ৪৪২ জনের হাম নিশ্চিত হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ৬ হাজার ২৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ২ হাজার ৪৬৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

This post was viewed: 6

আরো পড়ুন